জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন

‘শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের জনস্বাস্থ্য কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও রাজশাহী সিটি করপোরেশন জনস্বাস্থ্য উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।’

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল |নয়া দিগন্ত

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এ শতভাগ সাফল্য অর্জন করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এ ক্যাম্পেইনে নির্ধারিত লক্ষ্যমাত্রা মোট ৬৬ হাজার ৩৯৫ জন শিশুর বিপরীতে ৬৬ হাজার ৬৪৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে, যা শতকরা ১০০.৩৮ শতাংশ।

রাসিকের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ক্যাম্পেইনে ছয় থেকে ১১ মাস বয়সী নয় হাজার ১১৩ জন শিশুর লক্ষ্যমাত্রার বিপরীতে নয় হাজার ১৪৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়, যা শতকরা ১০০.৩৬ শতাংশ।

একইভাবে ১২-৫৯ মাস বয়সী ৫৭ হাজার ২৮২ জন শিশুর লক্ষ্যমাত্রার বিপরীতে ৫৭ হাজার ৫০২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়, যা শতকরা ১০০.৩৮ শতাংশ।

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের এ সাফল্যে নগরবাসী, অভিভাবক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

তিনি বলেন, ‘শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের জনস্বাস্থ্য কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও রাজশাহী সিটি করপোরেশন জনস্বাস্থ্য উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।’

রাসিক সূত্র জানায়, রাজশাহী সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় নগরীর ৩৮৪টি কেন্দ্রে সোমবার (২৮ জুন) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ ক্যাম্পেইনে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ছয় থেকে ৫৯ মাস বয়সী শিশুদের মাঝে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম শতভাগ সফলতার সাথে সম্পন্ন করা হয়েছে। এ কার্যক্রম পরিচালনায় রাসিকের স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি মোট ৭৬৮ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করেন।