তাড়াশে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশে তানিয়া ইসলাম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ; পরিবারের অভিযোগ, স্বামী তাকে হত্যা করে পালিয়েছেন।

লুৎফর রহমান, তাড়াশ (সিরাজগঞ্জ)
তাড়াশে তানিয়া ইসলাম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ
তাড়াশে তানিয়া ইসলাম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ |নয়া দিগন্ত

সিরাজগঞ্জের তাড়াশে তানিয়া ইসলাম (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী মো: শাহ পরানের বিরুদ্ধে হত্যার অভিযোগ করেছেন গৃহবধূর পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামে নিজ কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তানিয়া ইসলাম উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামের মো: ছোরহাব আলীর মেয়ে।

স্থানীয়রা জানায়, তানিয়ার সাথে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বাসিন্দা আক্তার হোসেনের ছেলে মো: শাহ পরানের প্রায় চার বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়। বিয়ের পর তারা তাড়াশের বিষমডাঙ্গা গ্রামে বসবাস করছিলেন। সোমবার রাতে তানিয়া ও তার স্বামী প্রতিদিনের মতো নিজদের কক্ষে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন তানিয়ার লাশ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

তানিয়ার পরিবারের অভিযোগ, তাকে তার স্বামী হত্যা করে পালিয়ে গেছেন।

তবে কিভাবে বা কী কারণে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশের ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

Topics