নির্বাচন খুবই উৎসবমুখর, ফ্রি-ফেয়ার অ্যান্ড ক্রেডিবল হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বিগত নির্বাচনে সশস্ত্র বাহিনী গ্রামেগঞ্জে যেতে পারত না। এবার সিনিয়র সচিব এ বিষয়ে ভালো ব্যবস্থা করে দিয়েছেন।

হারুন আনসারী, ফরিদপুর

Location :

Faridpur
সাংবাদিকদের ব্রিফিং করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম
সাংবাদিকদের ব্রিফিং করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম |নয়া দিগন্ত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি খুবই ভালো। প্রায় প্রতিটি কেন্দ্রেই সিসি ক্যামেরা, ড্রোনের ব্যবস্থা আছে। যেসব কেন্দ্রে বাউন্ডারি ওয়াল নেই, সেসব স্থানে বাঁশ দিয়ে বাউন্ডারির ব্যবস্থাও হয়ে যাবে। আমি আশা করছি এখানকার নির্বাচন খুবই উৎসবমুখর হবে, ফ্রি-ফেয়ার অ্যান্ড ক্রেডিবল হবে।’

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শুধু আমাদের প্রশাসন না, আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন এজন্য। আপনারা সব সময়ই সহযোগিতা করে এসেছেন। এখন আরো বেশি সহযোগিতা করবেন। যাতে নির্বাচনটি সুষ্ঠ ও সুন্দরভাবে হয়ে যায়।’

তিনি বলেন, ‘এখানে কোনো ধরনের শঙ্কা নেই। এবার যে পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে, ইতিহাসে এমন আর আগে কখনো দেখাতে পারবেন না। আগের নির্বাচনগুলোতে যেমন সহিংসতা হতো, এবার কিন্তু তেমন দেখাতে পারবেন না। আশা করবো সামনেও হবে না। এজন্য চেষ্টা করতে হবে এবং দোয়া করতে হবে। স্পেশালি সশস্ত্র বাহিনী গ্রামেগঞ্জে যেতে পারত না। এবার আমাদের সিনিয়র সচিব এ বিষয়ে ভালো ব্যবস্থা করে দিয়েছেন। তারা প্রত্যন্ত এলাকাতেও যেতে পারছেন।’

তিনি বলেন, ‘যদি কোনো ধরনের সমস্যা হয়, তাহলে দেখবেন তখন কি ধরনের ব্যবস্থা নেয়া হয়। ওই ধরনের প্রস্তুতি নিয়েই কিন্তু এখানে আলাপ হয়েছে।’

নির্বাচিত সরকার আপনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বায়িত্ব দিলে আপনি সম্মত হবেন কিনা? এই প্রশ্নের জবাবে তিনি হেঁসে উঠে বলেন, ‘এটা আমি আপনাকে দিয়ে দেবো।’

ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব:) আব্দুল হাফিজ, আইজিপি বাহারুল আলম, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবের মহাপরিচালক, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমান, কোস্টগার্ড, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার একান্ত সচিব মুহাম্মাদ মাহবুব আলম, উপপ্রধান তথ্য অফিসার (পরিচালক), ফরিদপুর জেলা প্রশাসক কামরুল ইসলাম মোল্যাসহ রাজবাড়ি, মাদারীপুর, গোপালগঞ্জ ও শরিয়তপুর জেলা প্রশাসক ও অন্য কর্মকর্তারা।