সুনামগঞ্জের দোয়ারাবাজারে হত্যা, বিজিবির ওপর হামলা, মাদক ও চোরাচালানসহ ১১ মামলার পলাতক আসামি ও ৬ মামলার পরোয়ানাভুক্ত চোরাকারবারি দেলোয়ার হোসেনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দেলোয়ার মৌলারপাড় গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি সীমান্ত এলাকার মাদক ও চোরাচালান চক্রের মূল হোতা হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে দেলোয়ার দীর্ঘদিন ধরে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্তসংলগ্ন নির্জন স্থানে কুঁড়েঘর তৈরি করে আত্মগোপনে ছিলেন।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) তানজির আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, গ্রেফতার দেলোয়ারের বিরুদ্ধে ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।



