ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটির দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট প্রদানের চেষ্টা করার সময় ছাবিলা বেগম নামে এক নারীকে আটক করে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ চলাকালীন সময় এ ঘটনা ঘটে।
আটক ছাবিলা বেগম শুকুর আলী হাওলাদারের মেয়ে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই নারী কেন্দ্রে অন্যের নামে ভোট দেয়ার চেষ্টা করলে উপস্থিত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে সন্দেহজনক মনে করে যাচাই-বাছাই করেন। পরে তার জাল ভোট প্রদানের চেষ্টা প্রমাণিত হলে তাকে আটক করা হয়।
পরবর্তীতে আটককে দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুক্তা রাণী নির্বাচন সংক্রান্ত আইন অনুযায়ী তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় আরপিও- এর ৭৪(৫) ধারা অনুযায়ী অভিযুক্ত ছাবিলা বেগমকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসাথে অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
স্থানীয়রা জানায়, ভোটকেন্দ্রে জাল ভোটের চেষ্টা প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।



