ঝিনাইদহে বেশি দামে গ্যাস বিক্রির দায়ে বিএম অটোগ্যাস ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার (২১ এপ্রিল) জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক নিশাত মেহের জরিমানার টাকা আদায় করেন এবং অভিযোগকারীকে পুরস্কার হিসেবে টাকা দেয়া হয়।
গত ২ এপ্রিল ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম লিটার প্রতি ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ওইদিন সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকরের কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই বাড়তি দামে গ্যাস বিক্রি করে ঝিনাইদহ সদর উপজেলার বিশমাইল এলাকার বিএম অটোগ্যাস স্টেশন।
এ ঘটনায় গত ৫ এপ্রিল সোহাগ নামে এক গ্রাহক জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে বাড়তি দামে গ্যাস বিক্রর বিষয়ে লিখিত অভিযোগ দেন। মঙ্গলবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কার্যালয়ে সেই অভিযোগের শুনানি শেষে বিএম অটোগ্যাস স্টেশনের ম্যানেজার নাসির উদ্দিনকে দোষি সাব্যস্ত করা হয় এবং বিএম অটোগ্যাস স্টেশনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযোগকারী সোহাগ হোসেন জানান, তার কাছ থেকে দু’হাজার টাকার গ্যাসে ৪৫০ টাকা বেশি নিয়েছিল বিএম অটোগ্যাস ফিলিং স্টেশন। সে প্রমাণ তার কাছে থাকায় তিনি ভোক্তা অধিকারে অভিযোগ করেন এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় পুরস্কার হিসেবে তিনি ১২৫০ টাকা পান।
এ ব্যাপারে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, ‘অনিয়ম করায় বিএম অটোগ্যাসের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে। সেই সাথে পরে যেন এ ধরনের কাজ তারা না করে সে ব্যাপারে সতর্ক করা হয়েছে।’



