মুক্তাগাছায় ছাত্র হত্যায় মামলা, গ্রেফতার ১

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে বন্ধুদের সাথে মেলায় যায় সিয়াম। সেখানে কথাবার্তার এক পর্যায়ে বন্ধুদের দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায় রামনাথ বাড়ি গ্রামের মান্নানের ছেলে নাজমুলের (৩৫) নির্দেশে প্রতিপক্ষের কিশোররা সংঘব্ধ হয়ে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে।

মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Muktagachha
গ্রেফতার রায়হান
গ্রেফতার রায়হান |নয়া দিগন্ত

ময়মনসিংহের মুক্তাগাছায় বৈশাখী মেলায় তুচ্ছ ঘটনায় সহপাঠীদের সাথে কথা কাটাকাটির জেরে সিয়াম (১৫) নামের এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার সিয়ামের বাবা মো: আব্দুস সালাম ১৫ জন ও অজ্ঞাত ১৪ থেকে ১৫ জনকে আসামি করে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা করেন। থানা পুলিশ মামলা আমলে নিয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে রায়হান (১৯) নামে একজনকে গ্রেফতার করে।

নিহত সিয়াম উপজেলার শিবপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। সে স্থানীয় মানকোন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। অন্যদিকে গ্রেফতার রায়হান একই ইউনিয়নের রামনাথবাড়ীর কালু শেখের ছেলে।

উল্লেখ্য, মুক্তাগাছা উপজেলার মানকোন ইউনিয়নের পদুরবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে বন্ধুদের সাথে মেলায় যায় সিয়াম। সেখানে কথাবার্তার এক পর্যায়ে বন্ধুদের দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায় রামনাথ বাড়ি গ্রামের মান্নানের ছেলে নাজমুলের (৩৫) নির্দেশে প্রতিপক্ষের কিশোররা সংঘব্ধ হয়ে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। শুক্রবার (১ মে) ভোর ৪টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে সিয়ামের মৃত্যু হয়।

মুক্তাগাছা থানা অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বলেন, সিয়াম হত্যার ঘটনায় রায়হান নামে একজন গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রফতারের চেষ্টা চলছে।