ফেনীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় মৃত্যুদণ্ড বহাল থাকা মাদরাসা অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও শাহাদাত হোসেনের পরিবারে শোকের মাতম চলছে।
সোমবার হাইকোর্টের রায় ঘোষণার পর থেকে দুই পরিবারের মধ্যে নেমে এসেছে নীরবতা ও শোকের ছায়া। রায় ঘোষণার পর থেকে পরিবারের সদস্যদের মধ্যে এক ধরনের শোকের আবহ বিরাজ করছে। পরিবারগুলোর মধ্যে শুনশান নীরবতা লক্ষ্য করা গেছে। পরিবারের সদস্যদের কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হচ্ছেন না।
সিরাজউদ্দৌলার পরিবারের এক সদস্য বলেন, ‘আমরা ভেবেছিলাম উচ্চ আদালতে সিরাজউদ্দৌলা মুক্তি পাবেন। কিন্তু আজ তা আর হলো না। আমাদের পরিবার আজ তার শূন্যতায় হতবিহল। বলার মতো কোনো ভাষা নেই। কি হতে কি হয়ে গেল।‘
তিনি বলেন, আইনজীবীদের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।



