মুরাদনগরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি-চাপিতলা গ্রামের দক্ষিণ মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নাজিম উদ্দিন, মুরাদনগর (কুমিল্লা)

Location :

Cumilla
গলাকেটে হত্যা
গলাকেটে হত্যা |ফাইল ছবি

কুমিল্লার মুরাদনগরে এরশাদ মিয়া (৩২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি-চাপিতলা গ্রামের দক্ষিণ মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

এরশাদ মিয়া ওই গ্রামের আব্দুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, এরশাদ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির মালামাল ভাগাভাগি অথবা মাদকসংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

নিহতের বাবা আব্দুল হক জানান, তার ছেলে আগে গাড়ি চালাতেন। কিন্তু কয়েক বছর ধরে মাদকে আসক্ত হয়ে পড়েন এবং স্বাভাবিক জীবনযাপন থেকে বিচ্যুত হন। পরিবারের পক্ষ থেকে বহু চেষ্টা করেও তাকে সুপথে ফেরানো সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দা মোমেন মিয়া বলেন, ‘এভাবে হত্যা কোনোভাবেই মেনে নেয়া যায় না। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল কাদের বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক বা অন্য কোনো বিরোধের কারণে তার সঙ্গীরাই তাকে হত্যা করে থাকতে পারে। নিহত ওই যুবকের কাছে একটি ছুরি পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’