কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা ও পৌর প্রশাসনের উদ্যোগে হাজারো শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় এসব গাছের চারা বিতরণ করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম এইচজে পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গাছের চারা বিতরণের মাধ্যমে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহাদাৎ হোসেন।
গাছের চারা বিতরণ শেষে শিক্ষার্থীর উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন বলেন, ‘সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় আমরা আজকে এখানে প্রায় ১১শ’ ছাত্র-ছাত্রীর মাঝে গাছের চারা বিতরণ করেছি। আমরা প্রত্যেককে একটি করে গাছ দিচ্ছি, যেন তারা এ গাছটা নিজে রোপণ করে, নিজে সংরক্ষণ করে এবং নিজে দেখাশোনার মাধ্যমে বড় করে।’
তিনি বলেন, ‘এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। একই সাথে তাদেরকে গাছের যে উপকারিতা, সে বিষয়ে সচেতন করে তুলে ধরার জন্যই আমাদের আজকের এ আয়োজন। আমি আশা করছি, যারা আজকে গাছগুলো নিচ্ছে, তারা যেন নিজেদের মতো করে সেগুলো সঠিক জায়গায় রোপণ করে। সামগ্রিকভাবে এ কর্মসূচিকে উৎসাহিত করার জন্যই সরকারি নির্দেশনায় আমি আজকে এ গাছের চারা বিতরণ করেছি।’
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা যোবায়ের হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমান, সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: শাহ আলম রাজু, পৌরসভা বিএনপির সভাপতি জি এম তাহের পলাশী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: গিয়াস উদ্দিন, বিএনপি নেতা মো: খোরশেদ আলম, পৌর জামায়াতের নায়েবে আমির কাজী মো: ইয়াছিন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা নুরুজ্জামান খোকন, চৌদ্দগ্রাম এইচ জে পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপম সেন গুপ্ত, চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মো: মজিবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান পাটোয়ারিসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।



