ধর্ষণের পর নির্মমভাবে হত্যার শিকার শিশু রামিসার (৮) দাফনের পরও থামেনি শোকের মাতম। পরিবারের সদস্যরা ঢাকায় ফিরে গেলেও মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে নাতনির কবরের পাশে অপলক দৃষ্টিতে দাঁড়িয়ে আছেন তার ৯০ বছর বয়সী দাদা মজিবর রহমান মোল্লা।
বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা গেছে, সদ্য খোঁড়া কবরের মাটি এখনো ভেজা। কবরের মাঝখানে লাগানো একটি সূর্যমুখী ফুল গাছ মাথা নুইয়ে আছে যেন চারপাশের শোকের ভারই বহন করছে। নীরব পরিবেশে কবরের পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ দাদার চোখেমুখে স্পষ্ট অসহায়ত্ব আর শোকের ছাপ।
পারিবারিক সূত্র জানায়, গতকার বুধবার রাতে জানাজা শেষে রামিসাকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, আত্মীয় ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে রামিসার বাবা-মা ঢাকায় ফিরে গেলেও তার চাচাতো দাদা মজিবর রহমান মোল্লা কবরের পাশ ছাড়েননি।
রামিসার চাচাত ভাই রানা মোল্লা বলেন, রামিসার পরিবার স্থায়ীভাবে গ্রামে থাকে না। তার বাবা ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ঈদ-পার্বণে তারা গ্রামে আসতেন। রামিসা খুব চঞ্চল ও প্রাণবন্ত ছিল। বাড়িতে এলেই সবার সাথে মিশে পুরো বাড়ি মাতিয়ে রাখত।
তিনি আরো বলেন, এমন একটি নিষ্পাপ শিশুকে যে পাশবিক নির্যাতন করে হত্যা করেছে, আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। প্রকাশ্যে কঠোর শাস্তির মাধ্যমে যেন এমন ঘটনা আর কেউ ঘটানোর সাহস না পায়।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে বিভিন্ন সংগঠন কর্মসূচি ঘোষণা করেছে। আজ (বৃহস্পতিবার) বিকেল ৩টায় জানাজার পর জামায়াতে ইসলামী সিরাজদিখান উপজেলা শাখা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। এছাড়া বিকেল ৫টায় জাতীয় পরিবেশ ও মানবাধিকার সংস্থা সিরাজদিখান বাসস্ট্যান্ড মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করবে।
পরিবার জানায়, দুই বোনের মধ্যে রামিসাই ছিল ছোট। তার আকস্মিক ও নৃশংস মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, আর গ্রামজুড়ে ছড়িয়ে পড়েছে ক্ষোভ ও প্রতিবাদের সুর।
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া বিরাজ করছে।



