রাজশাহী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অপরাধ দমনে কড়া বার্তা

গ্রাম আদালত পরিচালনা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ইভটিজিং ও ধর্ষণ রোধে করণীয় সম্পর্কেও আলোচনা করেন বক্তারা।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
রাজশাহী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
রাজশাহী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা |নয়া দিগন্ত

রাজশাহী জেলা আইনশৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি জ্বালানি তেল নিয়ে কারসাজি ও অবৈধভাবে পুকুর খনন বন্ধে কঠোর অবস্থান নেয়ার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া অপরাধ নিয়ন্ত্রণ, জেলা প্রশাসন ও অন্যান্য দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা, সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ ও নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদক নিয়ন্ত্রণের ওপর বিশেষ জোর দেয়া হয়।

একইসাথে গ্রাম আদালত পরিচালনা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ইভটিজিং ও ধর্ষণ রোধে করণীয় সম্পর্কেও আলোচনা করেন বক্তারা। সাধারণ মানুষের সুবিধার্থে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল বারী সরদার, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম ও রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।

এছাড়া সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাঈমুল হাছান, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) উম্মে কুলসুম সম্পা, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাসিদ ফরহাদসহ সংশ্লিষ্টরা।

পাশাপাশি জেলার বিভিন্ন সরকারি দফতর ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এই আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নেন।