চৌগাছা (যশোর) সংবাদদাতা
যশোরের চৌগাছায় মাদক সেবনের দায়ে চার মাদকসেবীকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৫ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা পৌর শহরের চানপুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে নগদ জরিমানা আদায় করা হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন পৌর এলাকার চাঁদপুর গ্রামের মুনতাজ আলীর ছেলে মোমিন হোসেন (৩৪), ইউসুফ আলীর ছেলে নজরুল ইসলাম (৪০), দাউদ আলীর ছেলে ইজাজুল ইসলাম (৪৫) ও উপজেলার সদও ইউনিয়নের দক্ষিণ কয়ারপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে কামারুল ইসলাম। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন যাবৎ তারা এলাকায় মাদক সেবন ও ব্যবসা করে আসছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বলেন, ‘মাদক নিয়ন্ত্রণ আইন মোতাবেক চার জনকে ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যহত থাকবে।’



