নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ আলী জাকের (২৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আরো ২জন।
রোববার রাত ৯ টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পিড়ার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক আলী জাকের পার্শ্ববর্তী বদলগাছী উপজেলার যাপনা গ্রামের এনামুল হকের ছেলে। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, নিহত আলী জাকেরসহ আরো দুইজন নওহাটা মোড়ের দিক থেকে মোটরসাইকেল নিয়ে নওগাঁর দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীতমুখী একটি ট্রাকের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে তারা সবাই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলী জাকেরকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে হাসপাতালে ভর্তি করে নেন। সংবাদ পেয়ে সাথে সাথেই নওহাটা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, সংবাদ পেয়ে সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে দিয়ে ঘাতক ট্রাকটিকে জব্দ করে। এ সময় ট্রাকের চালক পালিয়ে যায়। এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলমান।



