মাতৃ মৃত্যুহার কমানো এবং অন্তঃসত্ত্বা ও প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লালমনিরহাটের পাটগ্রামে ব্যতিক্রমী বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) দিনব্যাপী উপজেলার বাউরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস-এর বাস্তবায়নে, সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহযোগিতায়, কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা কইকা-এর অর্থায়নে এবং বাংলাদেশ জননী প্রকল্পের উদ্যোগে এই আয়োজন করা হয়।
বাউরা ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার এস এম ইমরান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি ছিলেন পাটগ্রাম উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিক্যাল অফিসার ডা: খুরশিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: জাহিদুল ইসলাম, বাংলাদেশ জননী প্রকল্পের গভর্নমেন্ট রিলেশন ও কমিউনিটি মবিলাইজেশন অফিসার নাজমুল হুদা ডাকুয়া, ক্যাপাসিটি বিল্ডিং অফিসার বিশনাথ শর্মা ও ইউনিয়ন পরিষদ সদস্য আশাদুল হক।
মেলায় বাল্যবিবাহ প্রতিরোধ, পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, প্রাতিষ্ঠানিক প্রসবের গুরুত্ব, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা, প্রসবপূর্ব ও প্রসবোত্তর পরিচর্যা, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ, ফিস্টুলা ও অন্যান্য স্ত্রীরোগ বিষয়ে সচেতনতামূলক আলোচনা ও পরামর্শ প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডা: খুরশিদুল ইসলাম বলেন, ‘আমরা চাই ডেলিভারির সময় কোনো মায়ের মৃত্যু না হোক এবং কোনো নবজাতক যেন প্রসবের পর মারা না যায়। এজন্য গর্ভবর্তী মায়েদের হাসপাতালে বা স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রসব নিশ্চিত করতে হবে। পাশাপাশি বউ-শাশুড়ির পারস্পরিক সম্পর্ক আরো সহযোগিতাপূর্ণ ও আন্তরিক হওয়া প্রয়োজন।’
মেলায় অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে ওষুধ বিতরণ, পরিবার পরিকল্পনা পরামর্শ, ডায়াবেটিস ও রক্ত পরীক্ষা, প্রসবপূর্ব ও প্রসবোত্তর স্বাস্থ্যসেবা সংক্রান্ত পৃথক কর্নারের ব্যবস্থা ছিল।
দিনব্যাপী আয়োজিত এ মেলায় বিভিন্ন বয়সী প্রায় দুই শতাধিক বউ-শাশুড়ি অংশ নেন। তাদের অংশগ্রহণে বিভিন্ন আনন্দঘন খেলার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং অংশগ্রহণকারীদের গাছের চারা প্রদান করা হয়।



