হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে সিলেটে রেনেসাঁর মানববন্ধন

মামলার চার্জশিটে ৮ নম্বর আসামি হওয়ার পরও একমাত্র হাফেজ নাঈমকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। অথচ একই মামলার প্রধান আসামিসহ অন্য আসামিদের খালাস দেয়া হয়েছে।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
ছাত্রজমিয়ত নেতা হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় বাতিল ও তার মুক্তির দাবিতে মানববন্ধন
ছাত্রজমিয়ত নেতা হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় বাতিল ও তার মুক্তির দাবিতে মানববন্ধন |নয়া দিগন্ত

সাবেক ছাত্রজমিয়ত নেতা হাফেজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায় বাতিল এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সিলেটের সাংস্কৃতিক সংগঠন ‘রেনেসাঁ’। ২২ বছর আগে সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলায় আদালত হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন।

রোববার (২৮ জুন) বিকেলে সিলেট কোর্ট পয়েন্টে রেনেসাঁ’র উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে আলেম-উলামা, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন ইসলামী ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

রেনেসাঁ’র আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা মাহফুজ বিন আব্দুল হাফিজের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, জামেয়া মাদানিয়া কাজিরবাজার মাদরাসার মুহাদ্দিস ও হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহ মমশাদ আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরের সভাপতি মাওলানা এমরান আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মারকাযুত তালীম মাদরাসার মুহতামিম মুফতি মিনহাজুস সিরাজ, উম্মুল কুরা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আহমদুল হক উমামা, এমসি কলেজ শাখা ছাত্র মজলিসের সভাপতি আব্দুল বাসিত, খেলাফত ছাত্র মজলিস সিলেট মহানগরীর সভাপতি রেদওয়ানুল হক, মাওলানা হাসান ফয়েজ, হাফেজ কয়েস আহমদ, ছাত্রনেতা আব্দুল বাছিত, মাওলানা আদিব আহমদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা অটুট রাখতে প্রতিটি মামলায় সর্বোচ্চ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করা জরুরি। হাফেজ নাঈমের বিরুদ্ধে দেয়া রায় পুনর্বিবেচনা করে উচ্চ আদালতের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

বক্তারা আরো বলেন, আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলায় সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক অভূতপূর্ব ও বৈষম্যমূলক রায় দিয়েছেন। মামলার চার্জশিটে ৮ নম্বর আসামি হওয়ার পরও একমাত্র হাফেজ নাঈমকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। অথচ একই মামলার প্রধান আসামিসহ অন্য আসামিদের খালাস দেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে তৎকালীন আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলা চালানো হয়। সেই হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার রায়ে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৮ নম্বর আসামি হওয়ার পরও একমাত্র নাঈমকে মৃত্যুদণ্ড দিয়েছেন। অথচ বর্তমান সরকারের দু’জন মন্ত্রী, একজন হুইপ ও একজন সংসদ সদস্যসহ অন্যদের মামলা থেকে খালাস দেন। এ রায়কে কেন্দ্র করে বিভিন্ন মহলে ভিন্নমত ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রায় ঘোষণার পর থেকেই সিলেটসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও প্রতিবাদ সভা হচ্ছে।