ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে ভিসি কার্যালয়ের সামনে অনশন করেছে বিভাগের শতাধিক শিক্ষার্থী। এ সময় আন্দোলনকারীরা বিভাগটির চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হককে অবাঞ্ছিত ঘোষণা করে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়ের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরে সেখানে অনশন শুরু করে তারা।
এর আগে, রোববার বিভাগের শিক্ষার্থীরা অফিস ও চেয়ারম্যানের কক্ষে তালা দিয়ে ভিসির দফতরে অবস্থান নেয়। পরে ভিসির আশ্বাসে চব্বিশ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করেন।
বিভাগ সূত্রে জানা যায়, বিভাগটিতে তীব্র সেশনজটসহ আরো কিছু দাবি জানিয়ে বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হকের পদত্যাগ দাবি করছেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থী সজিব বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ভিসির কার্যালয়ের সামনে অবস্থান করব।’
আন্দোলনকারী শিক্ষার্থী তামিম রহমান আশিক বলেন, ‘আমরা এখানে সকাল ৯টা থেকে অবস্থান করছি এবং দুপুর ১২টা থেকে আমরা সবাই অনশনে বসেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। অনশনের কারণে আমাদের কোনো শিক্ষার্থীর কোনো ক্ষতি হলে এর দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে।’
আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের ন্যায্য দবিই আমাদের দাবি। অন্যান্য ডিপার্টমেন্ট সেশনজট নিরসন করতে পারলে কোস্টাল কেন পারবে না? আমার মনে হয়, ওনার বিরুদ্ধে আন্দোলন শুরু হওয়ার আগে ওনি নিজে থেকে সরে যাওয়া উচিত ছিল। এখন যে আন্দোলন হচ্ছে এটা ওনার জন্য লজ্জাজনক। আমরা শিক্ষার্থীদের পাশেই আছি।’
বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হক তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বলেন, ‘মূলত শ্রেণিকক্ষ ও শিক্ষক সংকটের কারণেই এ জটিলতা দেখা দিয়েছে।’ তিনি শিক্ষার্থীদেরকে আন্দোলনের এমন কঠোর পন্থা অবলম্বন না করার আহ্বান জানান।



