‘দেশের মানুষ একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র চায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে টাঙ্গাইলের সখীপুর পৌরসভার তালতলা চত্বরে এনসিপি আয়োজিত ‘জুলাই পথযাত্রা’ উপলক্ষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

টানা বৃষ্টি উপেক্ষা করে আয়োজিত এ কর্মসূচিতে দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের শত শত নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘জনগণের অধিকার, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করে দেশের মানুষের প্রত্যাশা পূরণে জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে এবং গণমানুষকে সাথে নিয়েই এগিয়ে যাবে।’
পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম।
তিনি বলেন, ‘দেশের তরুণ সমাজকে নেতৃত্বে এনে একটি আধুনিক, স্বচ্ছ ও জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই এনসিপি রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে।’
তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান।
এ সময় দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন। বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু হওয়া ‘জুলাই পথযাত্রা’ তালতলা চত্বরে গিয়ে শেষ হয়।
কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীরা দলীয় স্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।
পথসভা শেষে নেতৃবৃন্দ দলীয় নেতাকর্মীদের সাথে ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচি পালন করেন। কর্মসূচিটি শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়।



