ঈদগাঁওয়ে জাফর হত্যার ঘটনায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

২০১০ সালের ২৬ ডিসেম্বর ইসলামপুর ইউনিয়নের নাপিতখালীর বাঁশকাটা এলাকার গোল্ডেন ফার্মের পূর্বপাশে জাফর আলমের জমি দখলে যায় আসামিরা। এ সময় জাফর আলম বাধা দিলে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে জাফরকে জখম করে। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে জাফর আলম মারা যান।

আতিকুর রহমান মানিক, ঈদগাঁও (কক্সবাজার)

Location :

Eidgaon
কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা
কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা |নয়া দিগন্ত

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী বাঁশকাটা এলাকার চাঞ্চল্যকর জাফর আলম হত্যাকাণ্ডের ঘটনায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মো: নজরুল ইসলাম এ রায় দেন।

একই মামলায় মনজুরুল ইসলাম (৪৪) নামে একজনকে বেকসুর খালাস এবং ফরিদুল হক সোনা মিয়া (৪১) নামে একজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও দেড় বছরের সাজা প্রদান করে আদালত।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন— একই এলাকার মরহুম এজহার মিয়ার ছেলে নুরুল ইসলাম (৮০), আলী হোসেনের ছেলে সিরাজুল ইসলাম (৪৫), সেলিম উল্লাহ (৪৮) ও নুরুল ইসলামের ছেলে আশরাফুজ্জামান (৪৫)।

এ মামলার পাঁচ নম্বর আসামি আব্দুল জলিল ও ১০ নম্বর আসামি আলী হোসেন ইতোপূর্বে মৃত্যুবরণ করেছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালের ২৬ ডিসেম্বর ইসলামপুর ইউনিয়নের নাপিতখালীর বাঁশকাটা এলাকার গোল্ডেন ফার্মের পূর্বপাশে জাফর আলমের জমি দখলে যায় আসামিরা। এ সময় জাফর আলম বাধা দিলে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে জাফরকে জখম করে। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে জাফর আলম মারা যান। এ ঘটনায় জাফর আলমের ছেলে আব্দুল মজিদ কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এরপর দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।