ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন পূর্বপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি ও গোয়ালঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে।
রোববার রাত ১০ টার দিকে দিনমজুর মিঠু শেখের বাড়িতে গোয়ালঘরে জ্বালানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
এই দুর্ঘটনায় রান্নাঘর গোয়ালঘর ও বসতঘরের কিছু অংশ পুড়ে যায়। ঘরের আসবাবপত্র, পেঁয়াজ, রসুন, ধান, চাল, একটি গাভী গরু ও দুটি ছাগল পুড়ে যায়। ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আগুন লাগার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে নিয়ন্ত্রণে আনেন।
সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা । এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আর্থিক সহায়তার আশ্বাস দেন।
এমপি প্রফেসর ড. ইলিয়াস মোল্লা বলেন, “এই দুঃসময়ে সবাইকে তাদের পাশে দাঁড়াতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারটির সবকিছু পুড়ে গেছে, আমরা যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে।”
এসময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলীমুজ্জামান, ফরিদপুর জেলা জামায়াতের শূরা সদস্য মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি নওসের আলী চৌধুরীসহ ডুমাইন ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ ।



