লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ভোলার লালমোহন উপজেলার ধলীগৌর নগরে সড়ক দুর্ঘটনায় মো: মহিম (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

লালমোহন (ভোলা) সংবাদদাতা

Location :

Lalmohan
সড়ক দুর্ঘটনায় নিহত মো: মহিম (২৫)
সড়ক দুর্ঘটনায় নিহত মো: মহিম (২৫) |নয়া দিগন্ত

ভোলার লালমোহন উপজেলার ধলীগৌর নগরে সড়ক দুর্ঘটনায় মো: মহিম (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে ধলীগৌর নগর ইউনিয়নের পাটওয়ারির হাট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো: মহিম ধলরগৌর নগর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকার কবিরাজ বাড়ির মো: আলীর ছেলে। তিনি পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ছিলেন। পারিবারিক জীবনে তিনি এক ছেলের বাবা।

পারিবারিক সূত্রে জানা গেছে, ভোরে মহিম লর্ডহার্ডিঞ্জ মাদরাসা বাজার এলাকায় তার স্ত্রীকে শ্বশুরবাড়িতে পৌঁছে দিয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে ধলীগৌর নগরের পাটওয়ারির হাটের নিকটবর্তী স্থানে পৌঁছালে তার চালিত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং স্থানীয়দের সহযোগিতায় লালমোহন সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

স্থানীয়রা জানান, ওই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা প্রতিরোধে সড়কে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: অলিউল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে মঙ্গল সিকদার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।