দীর্ঘ ২০ বছর পর নিজ এলাকায় ঈদুল আযহার নামাজ আদায় স্পীকারের

নামাজ পূর্ববর্তী বক্তব্যে স্পীকার দেশের সকল মানুষের শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন। দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও তার স্ত্রী মরহুমা দিলারা হাফিজের জন্য দোয়া কামনা করেন।

লালমোহন (ভোলা) সংবাদদাতা

Location :

Lalmohan
দোয়া করছেন স্পীকার মেজর অব: হাফিজ উদ্দিন আহমেদ
দোয়া করছেন স্পীকার মেজর অব: হাফিজ উদ্দিন আহমেদ |নয়া দিগন্ত

মহান জাতীয় সংসদের স্পিকার ভোলা-৩ আসনের সপ্তম বারের মতো নির্বাচিত সংসদ সদস্য মেজর অব: হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম তার নির্বাচনী এলাকায় দীর্ঘ ২০ বছর পর ঈদুল আযহার নামাজ আদায় করেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় ভোলার লালমোহন কেন্দ্রীয় ঈদগাহে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের সাথে উক্ত ঈদুল আযহার নামাজে অংশগ্রহণ করেন তিনি।

নামাজ পূর্ববর্তী বক্তব্যে স্পীকার দেশের সকল মানুষের শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন। দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও তার স্ত্রী মরহুমা দিলারা হাফিজের জন্য দোয়া কামনা করেন।

এসময় তিনি বলেন, ‘দেশের মানুষ এখন নিরাপদে নির্বিঘ্নে জীবন যাপন করছেন। আজকের দিনে সারা বিশ্বের মুসলমানরা অনেক বিপদে রয়েছে। মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইয়াহুদীরা যুদ্ধ-বিগ্রহ থেকে শুরু করে নানা ধরনের কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে । মুসলমানদের একমাত্র ভরসা আল্লাহর ওপর। আল্লাহতায়ালা আমাদের রক্ষা করবেন। আল্লাহ আমাদের মুক্তির পথে এগিয়ে নিয়ে যাবেন এটাই আমরা সকলে কামনা করি। মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি পৃথিবীতে স্বল্প কালের জন্য এসেছি। বিরাট অবিনশ্বর পৃথিবী আমাদের জন্য অপেক্ষা করে আছে মৃত্যুর পর, সেখানে মহান রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হয়ে এ পৃথিবীতে যাবতীয় কর্মকাণ্ডের হিসাব দেয়ার পরে আমাদের ভাগ্য নির্ধারণ হবে। বিগত সরকারের আমলে যারা বিভিন্ন অন্যায়-অত্যাচার, অবিচার করে বুকফুলিয়ে রাস্তায় হেঁটেছে তারা আজ পলাতক। আমরা কোনো হিংসার রাজনীতি করি না, ধর্ম বর্ণ ও রাজনৈতিক নির্বিশেষে এদেশের সকল মানুষ সুখে শাস্তিতে বসবাস করুক আমরা এটাই দেখতে চাই।’

এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো: জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো: সফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, পৌরসভা বিএনপির সভাপতি মো: ছাদেক মিয়া ঝান্টু, সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান বাবুল পাটাওয়ারী, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক, সহকারী কমিশনার ভূমি মো: রেজওয়ানুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: অলিউল ইসলাম সহ ধর্মপ্রাণ মুসুল্লিরা।