বগুড়ার শেরপুরে গণপিটুনিতে নিহত ১

উপজেলার কুসুম্বি ইউনিয়নের চন্ডেশ্বর গ্রামের রমজান আলীর ট্রান্সফরমার চুরি করার সময় চন্ডেশ্বর ও আকরামপুর গ্রামের লোকজন মিলে চোর ফজলে রাব্বি ও জাহাঙ্গীর হোসেনকে ধরে গণপিটুনি দেয়।

আকরাম হোসাইন, শেরপুর (বগুড়া)

Location :

Sherpur
গণপিটুনির প্রতীকী ছবি
গণপিটুনির প্রতীকী ছবি |ইন্টারনেট

বগুড়ার শেরপুরের পল্লীতে ট্রান্সফরমার চুরি করার সময় গণপিটুনিতে ফজলে রাব্বি (২৪) নামের এক চোর নিহত ও জাহাঙ্গীর হোসেন (৩০) নামের আরেক চোর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ফজলে রাব্বী ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের নাটাবাড়ি গ্রামের বুলু মিয়ার ছেলে ও আহত জাহাঙ্গীর একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

এলাকাবাসি ও শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের চন্ডেশ্বর গ্রামের রমজান আলীর ট্রান্সফরমার চুরি করার সময় চন্ডেশ্বর ও আকরামপুর গ্রামের লোকজন মিলে চোর ফজলে রাব্বি ও জাহাঙ্গীর হোসেনকে ধরে গণপিটুনি দেয়। পরবর্তিতে গণপিটুনির শিকার চোর দুইজনকে গুরুতর আহত অবস্থায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে ফজলে রাব্বির মৃত্যু হয়। আহত চোর জাহাঙ্গীর হোসেন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার পর লাশটি উদ্ধার করে করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, ঘটনা জানার পর সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য বগুড়া পাঠানো হয়েছে, হত্যা মামলার প্রস্তুতি চলছে।