নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) নোবিপ্রবিসহ মোট ৭টি কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১০৭৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৭৮০১ জন, পরীক্ষায় উপস্থিতির হার ৭২.২৫ শতাংশ।
পরীক্ষা শুরু হলে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল পরীক্ষার কেন্দ্রসমূহ পরিদর্শন করেন।
এ সময় নোবিপ্রবি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান ও (জিএসটি) গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার প্রতিনিধিবৃন্দ, নোয়াখালী জেলা প্রশাসন ও পুলিশ সুপারের প্রতিনিধি, পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
কেন্দ্র পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, আজ বিজ্ঞান অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ নোয়াখালী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থাসহ সকলে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন। নোবিপ্রবি কেন্দ্র ছাড়াও ৬টি বহিঃস্থ কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যানজটসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অভিভাবকদের জন্য প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পরিবহন সেবা নিশ্চিত করা হয়েছে। বরাবরের মতো এবারো নোয়াখালীবাসী পরিক্ষার্থীদের পাশে রয়েছেন। এজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
ভিসি আরো বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। আগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও সংগঠন সেবা দিয়ে সহযোগিতা করছে। উৎসবমুখর পরিবেশে এবারের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
এ সময় তিনি ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন কমিটি ও উপ-কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি নোয়াখালী পৌরসভা, নোবিপ্রবি বিএনসিসি ও রোভার স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সাংবাদিকবৃন্দসহ যারা ভর্তি পরীক্ষায় সহায়তা করেছেন সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নোয়াখালী জেলার আহ্বায়ক জনাব মাহবুব আলমগীর আলোসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।



