গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী টহল চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে রাহাত নামের এক কনস্টেবল আহত হয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) রাতে টঙ্গীবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্য টঙ্গী পূর্ব থানায় কর্মরত।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় নিয়মিত টহলের অংশ হিসেবে পুলিশ সন্দেহভাজন কয়েকজন ব্যক্তির শরীর তল্লাশি করছিল। এ সময় হঠাৎ কয়েকজন ব্যক্তি কনস্টেবল রাহাতকে লক্ষ্য করে অতর্কিতভাবে হামলা চালায়। তারা কিল-ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এলাকাটিতে দীর্ঘদিন ধরে কিছু অংশে অনিয়মিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে প্রকাশ্যেই কিছু অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যায়। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায়ই চ্যালেঞ্জের মুখে পড়ে।
পরে সহকর্মীরা আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে টঙ্গী জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ঘটনার পর রোববার দুপুরে (১৯ এপ্রিল) অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।



