সিলেট সীমান্তে ৩ দিনে ৩ কোটি টাকার চোরাইপণ্য জব্দ

তিনদিনে সোয়া তিন কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি। তবে পণ্য উদ্ধার করলেও অধরাই থেকে যাচ্ছে চোরাকারবারিরা।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
বিজিবির অভিযানে উদ্ধার চোরাইপণ্য
বিজিবির অভিযানে উদ্ধার চোরাইপণ্য |নয়া দিগন্ত

সিলেট সীমান্ত জুড়ে সক্রিয় হয়ে উঠেছে চোরাকারবারীরা। গত তিনদিনে সোয়া তিন কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন। সীমান্তে বিজিবির চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে অবাধে চোরাইপণ্য দেশে ঢুকছে। পণ্য উদ্ধার করলেও অধরাই থেকে যাচ্ছে চোরাকারবারিরা। ফলে আড়ালে থেকে মাসে শত কোটি টাকার চোরাইপণ্যের কারবার করছে চক্রটি।

স্থানীয় সূত্র বলছে, পূর্বে সিলেট আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের গডফাদার রনজিত সরকার ও সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের নেতৃত্বে শক্তিশালী সিন্ডিকেট জৈন্তাপুর ও গোয়াইনঘাট এলাকার চোরাই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতো। ২০২৪ সালের ৫ আগস্টের পর চোরাকারবারিদের হাতবদল হয়।

৪৮ বিজিবি জানায়, গত ৩ দিনে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন এলাকায় অভিযান চালিয়ে তিন কোটি ১৩ লাখ টাকার চোরাই মালামাল উদ্ধার করা হয়। তবে এ সময় চোরাচালানের সাথে জড়িত কাউকে আটক করেতে পারেনি বিজিবি।

বিজিবি জানায়, গত ২৩ আগস্ট সিলেট সীমান্তবর্তী এলাকায় ব্যাটালিয়ন সদর ও বাংলাবাজার, সোনালীচেলা, বিছনাকান্দি, তামাবিল, প্রতাপপুর বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স, বিভিন্ন প্রকার শাড়ি, জিরা, চা পাতা, মোবাইল ডিসপ্লে, মার্বেল, গরু, কম্বল, চকলেট, মাছ, চিনি, সুপারি, ফল, ইয়াবা এবং অবৈধভাবে বালু পাথর বহনকারী বাংলাদেশী বারকী নৌকা, বাংলাদেশী মৃগেল মাছ আটক করতে সক্ষম হয়। আটক চোরাচালানের সিজার মূল্য দুই কোটি ২৫ লাখ টাকা।

পরদিন ২৪ আগস্ট একই এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু, জিরা, কসমেটিক্স, মহিষ ও বাংলাদেশ হতে পাচারকালে বাংলাদেশী ট্রাউজার আটক করা হয়। আটক চোরাচালানের সিজার মূল্য ১৫ লাখ ৫০ হাজার টাকা।

সবশেষ মঙ্গলবার কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম, দমদমিয়া ও সোনরহাট বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার মেডিসিন, গরু, শাড়ী, চকলেট, বিড়ি, সুপারি, সবজি ও বিয়ার আটক করা হয়। আটক মালামালের সিজার মূল্য ৭৩ লাখ ১৭ হাজার টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক চোরাচালানের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।’