ঈশ্বরদীতে অস্ত্র প্রদর্শন ও এমপিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য : ছাত্রদল নেতা বাপ্পীকে গ্রেফতারের দাবি জামায়াতের

ঈশ্বরদীতে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা জুবায়ের হোসেন বাপ্পী ওরফে ‘হুপ বাপ্পীকে’ গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরদী উপজেলা শাখা।

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

Location :

Ishwardi
ঈশ্বরদীতে অস্ত্র প্রদর্শন ও এমপিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য : ছাত্রদল নেতা বাপ্পীকে গ্রেফতারের দাবি জামায়াতের
ঈশ্বরদীতে অস্ত্র প্রদর্শন ও এমপিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য : ছাত্রদল নেতা বাপ্পীকে গ্রেফতারের দাবি জামায়াতের |নয়া দিগন্ত

পাবনার ঈশ্বরদীতে এক সাবেক ছাত্রদল নেতা কর্তৃক পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের এমপি অধ্যাপক আবু তালেব মন্ডল ও পাবনা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়েরকে নিয়ে অশালীন বক্তব্য এবং ঈশ্বরদী শহরে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা জুবায়ের হোসেন বাপ্পী ওরফে ‘হুপ বাপ্পীকে’ গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরদী উপজেলা শাখা।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে শহরের আলহাজ মোড়ে জামায়াত কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি জানানো হয়।

লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সাবেক ছাত্রনেতা সাইদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের তালিমুল কোরআন বিভাগের সেক্রেটারি মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুর মোহাম্মদ, আইনবিষয়ক সেক্রেটারি সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান খান, সহকারী সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান, ঈশ্বরদী পৌর জামায়াতের আমীর মাওলানা গোলাম আজম খান, উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুম প্রমুখ।

লিখিত বক্তব্যে বলা হয়, সম্প্রতি বাপ্পী মাথা ও শরীরে কাফনের কাপড় জড়িয়ে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে মহড়া দিয়েছেন—এমন ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পরে তিনি থানায় গিয়ে অস্ত্র জমা দেওয়ার কথা বলেছেন বলেও দাবি করা হয়।

বক্তারা বলেন, রাজনৈতিক পরিচয় কোনো ব্যক্তিকে আইনের ঊর্ধ্বে রাখতে পারে না। অস্ত্রটি বৈধ কি না, কার নামে নিবন্ধিত এবং কী উদ্দেশে প্রকাশ্যে প্রদর্শন করা হয়েছে—তা তদন্ত করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।

একই সঙ্গে অধ্যাপক আবু তালেব মন্ডল ও মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়েরকে নিয়ে অশালীন বা হুমকিমূলক বক্তব্যের অভিযোগ তদন্তেরও দাবি জানানো হয়।

বক্তারা বলেন, ঈশ্বরদীর রাজনীতি অস্ত্র, ভয়ভীতি ও কুৎসার রাজনীতি হতে পারে না। তারা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত এবং জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা জামায়াতের তালিমুল কোরআন বিভাগের সেক্রেটারি মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের।