আদমজী ইপিজেডে অনন্ত অ্যাপারেলসের গুদামে ভয়াবহ আগুন

স্থানীয় সূত্র ও কারখানার শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, ভোরে ফ্যাব্রিক্স গুদাম থেকে আগুনের উৎপত্তি হয়। গুদামে সংরক্ষিত কেমিক্যালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই ভয়াবহ রূপ নেয় বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে প্রথমে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

Location :

Narayanganj
নয়া দিগন্ত

নারায়ণগঞ্জ প্রতিনিধি ও সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জের আদমজী রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)-এ অবস্থিত অনন্ত অ্যাপারেলস-এর ফ্যাব্রিক্স গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার ভোর ৪টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে এবং ডাম্পিংয়ের কাজ চলছে।

স্থানীয় সূত্র ও কারখানার শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, ভোরে ফ্যাব্রিক্স গুদাম থেকে আগুনের উৎপত্তি হয়। গুদামে সংরক্ষিত কেমিক্যালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই ভয়াবহ রূপ নেয় বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে প্রথমে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় পাশের ফায়ার স্টেশনগুলো থেকেও অতিরিক্ত ইউনিট যোগ দেয়া হয়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আগুন পুরোপুরি নির্বাপণ এবং ডাম্পিংয়ের কাজ চলমান রয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। গুদামে থাকা কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত হয়েছে কি না, সেটিও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, অগ্নিকাণ্ডের সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে বেপজা (বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ)-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের কারখানার ভেতরে প্রবেশে বাধা দেন। ফলে সংবাদকর্মীরা ঘটনাস্থলের ভেতরের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করতে পারেননি।