পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ ও সাধারণ মানুষের ভোগান্তি কমানোর দাবিতে মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গাংনী বাজারের প্রধান সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে চাল, ডাল, তেল, আটা, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে আসক ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির পরিচালক লায়ন মো: হেলাল উদ্দিন হিলু বলেন, ‘রমজান মাস এলেই কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করে। এ অবস্থা থেকে উত্তরণে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ীদেরও নৈতিক দায়িত্ব পালন করতে হবে।’
কর্মসূচিতে সভাপতিত্ব করেন আসকের গাংনী উপজেলা সভাপতি মো: জুলফিকার আলী ভুট্টা এবং সার্বিক পরিচালনায় ছিলেন আসকের গাংনী উপজেলা সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন।
বক্তারা দ্রুত বাজার মনিটরিং জোরদার, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং ব্যানার ও ফেস্টুন হাতে শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন।
কর্মসূচির আয়োজকরা জানান, সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।



