জনগণের মুখোমুখি অনুষ্ঠানে ফেনী-৩ আসনের পাঁচ প্রার্থী

অনুষ্ঠানে প্রার্থীরা জনগণের মুখোমুখি হয়ে তাদের দলীয় ও ব্যক্তিগত পরিকল্পনা তুলে ধরেন এবং উপস্থিত জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে ফেনী-৩ আসনের পাঁচ প্রার্থী
দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে ফেনী-৩ আসনের পাঁচ প্রার্থী |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ফেনী জেলা কমিটির আয়োজনে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রার্থীরা জনগণের মুখোমুখি হয়ে তাদের দলীয় ও ব্যক্তিগত পরিকল্পনা তুলে ধরেন এবং উপস্থিত জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন ফেনী জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত জোটের প্রার্থী ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক, ইসলামী আন্দোলনের মো. সাইফ উদ্দিন, বাসদের আবদুল মালেক, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো. আবু নাছির এবং ইনসানিয়াত বিপ্লবের মো. হাসান আহমদ।

স্বাগত বক্তব্য রাখেন সুজন দাগনভূঞা উপজেলা কমিটির সভাপতি মো. আবু তাহের এবং সোনাগাজী উপজেলা কমিটির সভাপতি শেখ আব্দুল হান্নান। প্রার্থীদের ঘোষণাপত্র পাঠ করেন দাগনভূঞা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুন।

অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় প্রার্থীরা পাঁচ মিনিট করে বক্তব্য রাখেন।

বক্তব্যে জামায়াতে ইসলামী জোটের প্রার্থী ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক বলেন, জামায়াতে ইসলামী ইতোমধ্যে ইশতেহার ঘোষণা করেছে। তিনটি বিষয়ে আমরা কাজ করতে চাই। প্রথমত, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। দ্বিতীয়ত, শিক্ষা সংস্কারের মাধ্যমে এমন একটি প্রজন্ম তৈরি করা, যারা শুধু ডিগ্রিধারী হবে না, বরং মানবিক মূল্যবোধসম্পন্ন হবে। তৃতীয়ত, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা।

তিনি আরো বলেন, আমরা সুযোগ পেলে দাগনভূঞা ও সোনাগাজীবাসীর জন্য কাজ করে যাব। বিশেষ করে নদীভাঙন রোধ, মুহুরী ক্লোজার পুনর্নির্মাণ, গ্যাস সঙ্কটের সমাধান, উন্নত ফায়ার স্টেশন স্থাপন, স্টেডিয়াম নির্মাণ এবং শিক্ষা ও চিকিৎসা খাতে উন্নয়নে কাজ করব।

ইসলামী আন্দোলনের প্রার্থী মো. সাইফ উদ্দিন বলেন, আমি আপনাদের সর্বাত্মক ভালোবাসা ও সমর্থন চাই। আমরা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করব। পাশাপাশি সোনাগাজী ও দাগনভূঞার সব সমস্যা আপনাদের সঙ্গে আলোচনা ও পরামর্শের মাধ্যমে সমাধান করব।

বাসদের প্রার্থী আবদুল মালেক বলেন, আমরা নির্বাচিত হলে সংসদে জনগণের দাবি তুলে ধরব এবং বাইরে রাজপথে থেকে সংগ্রাম চালিয়ে যাব।

ইসলামী ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মো. আবু নাছির বলেন, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার সড়ক সংস্কারসহ সার্বিক উন্নয়নে কাজ করব। সংযোগ সড়কের বেহাল দশা দূর করা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং বিধবা ও বয়স্ক ভাতা চালুর উদ্যোগ নেয়া হবে। সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা কাজ করব।

ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী মো. হাসান আহমদ বলেন, আমরা মানবিক রাষ্ট্র ও বিশ্বব্যবস্থা চাই। অবকাঠামোর চেয়েও মানবিক মানুষ তৈরি করা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে উপস্থিত ভোটাররা প্রত্যেক প্রার্থীকে দুটি করে প্রশ্ন করেন। প্রার্থীরা এসব প্রশ্নের উত্তর দেন। শেষে উপস্থিত ভোটাররা যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।