বরিশাল নগরীর সৌন্দর্যবর্ধন ও বিনোদনের পরিধি বাড়াতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে চৌমাথা লেকে দৃষ্টিনন্দন মিউজিক্যাল ফোয়ারা উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০ মে) রাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নান্দনিক ওই মিউজিক্যাল ফোয়ারার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
উদ্বোধনকালে বিসিসি প্রশাসক বলেন, ‘বরিশালবাসীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন নগরী উপহার দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। চৌমাথা লেকের এই মিউজিক্যাল ফোয়ারাটি নগরীর সৌন্দর্য যেমন বৃদ্ধি করবে, তেমনি যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে নগরবাসীর জন্য বিনোদনের একটি চমৎকার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল বারী, সাবেক কাউন্সিলর আ ন ম সাইফুল আহসান আজিম, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার আবুল হাসান লিমনসহ বিসিসির বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক দর্শনার্থী এ সময় উপস্থিত ছিলেন।
দীর্ঘ প্রতীক্ষিত এই মিউজিক্যাল ফোয়ারাটি চালুর পর বর্ণিল আলোর ছটা ও জলের ছন্দময় নৃত্য দেখে উপস্থিত দর্শনার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।



