দুর্গাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নওপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আজিজুল হক (৭০) নিহত হয়েছেন।

দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা

Location :

Durgapur
দুর্গাপুর থানা, রাজশাহী
দুর্গাপুর থানা, রাজশাহী |নয়া দিগন্ত

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নওপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আজিজুল হক (৭০) নিহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলার নওপাড়া ইউনিয়নের দুর্গাপুর-তাহেরপুর সড়কের কাশিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুল হক উপজেলার আলীপুর গ্রামের বাসিন্দা। তিনি আলিপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত ইসলামের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক ছিলেন এবং স্থানীয় রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। দুর্ঘটনায় আরো একজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজিজুল হক সড়কের বাম পাশ থেকে ডান পাশে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা দুটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই জ্ঞান হারান।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিকভাবে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেয়ার পরামর্শ দেয়া হলে তাকে রাজশাহী মডেল হাসপাতালে নেয়া হয়। তবে সেখানে প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার প্রস্তুতির সময় ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে আত্মীয়-স্বজনদের বাড়িতে দাওয়াত দিতে বের হয়েছিলেন আজিজুল হক। বোনের বাড়ি থেকে ফেরার পথেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সোমবার জানাজার অনুমতি দেয়া হয়।

সোমবার অনুষ্ঠিত জানাজায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। এতে দুর্গাপুর-পুঠিয়া আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।