জাবি প্রতিনিধি
২০২৬-২৭ অর্থবছর থেকে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা তহবিল বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে পরিচালনার সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার (৩ জুলাই) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: সোহেল রানা এবং সম্পাদক অধ্যাপক ড. আইরীন আক্তার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।
বিবৃতিতে শিক্ষক সমিতি জানায়, গবেষণা বরাদ্দ প্রক্রিয়া কেন্দ্রীভূত করার এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়গুলোর স্বতন্ত্রভাবে সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা সংকুচিত করবে। পাশাপাশি প্রশাসনিক জটিলতা বৃদ্ধি পেয়ে গবেষণার স্বাভাবিক গতি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
তারা উল্লেখ করেন, সীমিত আর্থিক বরাদ্দের মধ্যেও দেশের বিশ্ববিদ্যালয়গুলো দীর্ঘদিন ধরে গবেষণা ও উচ্চশিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। নতুন এ ব্যবস্থা কার্যকর হলে প্রশাসনিক দীর্ঘসূত্রতা বাড়ার পাশাপাশি তরুণ গবেষক ও শিক্ষার্থীরা গবেষণায় নিরুৎসাহিত হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।
বিবৃতিতে আরো বলা হয়, উচ্চশিক্ষা ও গবেষণা খাতে সংস্কারের প্রয়োজন থাকলেও তা বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসন শক্তিশালী করার লক্ষ্যে হওয়া উচিত, সংকুচিত করার মাধ্যমে নয়।
এ অবস্থায় শিক্ষক সমিতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পূর্বের গবেষণা বরাদ্দ পদ্ধতি পুনর্বহাল এবং গবেষণা খাতে বাজেট বৃদ্ধি করার জোর দাবি জানিয়েছে।



