নাটোরের সিংড়ায় পুরনো চাল ও পানি খেয়ে খাবারের বিষক্রিয়ায় আটজন ধানকাটা শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামের কৃষক আব্বাস আলীর জমিতে এ ঘটনা ঘটে।
অসুস্থ শ্রমিকরা হলেন- গাড়াবাড়ি গ্রামের আনোয়ার হোসেন (৩০), আজাদ (৪০), আবু বক্কর সিদ্দিক (২৬), রমিজুল ইসলাম (৩৮), ইয়াছিন আলী (২৫), ইউসুফ আলী (২৬), হাসেম আলী (২৪), মনির হোসেন (২৫)।
পরে দুপুর দেড়টার দিকে অসুস্থ শ্রমিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জানা যায়, উপজেলার গাড়াবাড়ি গ্রামের কৃষক আব্বাস আলীর জমিতে একই গ্রামের ১৫ জন শ্রমিক ধান কাটতে যান। কাজের ফাঁকে আব্বাস আলীর বাড়ি থেকে পুরনো চাল ও পানি দেয়া হয়। তা খাওয়ার পর আটজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুজাহিদুল ইসলাম খোকন বলেন, ‘অনেক পুরনো ধুলোবালি মিশ্রিত চাল খেয়ে খাবারের বিষক্রিয়ায় এ ঘটনা ঘটেছে। অসুস্থ আটজন শ্রমিককে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আপাতত সবাই শঙ্কামুক্ত।’



