ময়মনসিংহের তারাকান্দায় বাংলা নববর্ষের অনুষ্ঠান ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদুল্লাহর পথ রুদ্ধ করা হয় বলে অভিযোগ উঠেছে। এ সময় বিএনপি নেতাকর্মীদের সাথে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনাও ঘটে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
নববর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এমপি মুহাম্মদুল্লাহ এবং বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদারের উপস্থিত থাকার কথা ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে তর্কাতর্কি শুরু হয়। মুহূর্তেই তা ধাক্কাধাক্কি ও সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ উঠেছে, এ সময় এমপির সমর্থকদের লক্ষ করে পরিকল্পিত হামলা চালানো হয়।
সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ অভিযোগ করে বলেন, প্রতিদ্বন্দ্বী পক্ষের ইন্ধনে তার সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে এগিয়ে গেলে পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনায় তার ভাতিজাসহ একাধিক কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
অন্যদিকে, বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার এসব অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন। তার দাবি, ঘটনাটি ছিল সামান্য বাকবিতণ্ডা, যা তিনি নিজেই উপস্থিত থেকে নিয়ন্ত্রণে আনেন। কোনো বড় ধরনের সংঘর্ষ ঘটেনি বলেও দাবি তার।
এদিকে, তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানবীর আহম্মেদ বলেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে এলাকা শান্ত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামও জানান, স্বল্প সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও প্রশাসনের হস্তক্ষেপে তা নিরসন করা হয় এবং পরে অনুষ্ঠান সম্পন্ন হয়।
ঘটনার প্রতিবাদে বিকেলে ১১-দলীয় জোট বিক্ষোভ মিছিল বের করে। দক্ষিণ বাজার থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ পর্যন্ত মিছিলটি গড়ায়। পরে আয়োজিত সংবাদ সম্মেলনে এমপি মুহাম্মদুল্লাহ ঘটনাটিকে ‘পরিকল্পিত হামলা’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান এবং পরবর্তী কর্মসূচির ইঙ্গিত দেন।
উল্লেখ্য, ময়মনসিংহ-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে নির্বাচিত হন মুহাম্মদুল্লাহ। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মোতাহার হোসেন তালুকদার।
স্থানীয়দের আশঙ্কা, প্রশাসন কঠোর না হলে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে এ রাজনৈতিক বিরোধ।



