মেহেরপুরের গাংনীতে সানোয়ার হোসেন পলাশের বাড়ির প্রধান দরজার সামনে কালো টেপে মোড়ানো বোমা সাদৃশ্য বস্তু গেছে দুর্বৃত্তরা।
বুধবার (৬ মে) সকালে উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সকালে পরিবারের সদস্যরা এটি দেখতে পান। কৌটার গায়ে লেখা ছিল— ‘হাত দিলে ব্লাস্ট, ভালো থাকিস, বাই বাই।’
সানোয়ার হোসেন পলাশ ওই এলাকার মরহুম আনারুল ইসলামের ছেলে এবং পেশায় স্যালো ইঞ্জিন চালিত স্টিয়ারিং গাড়ির চালক।
বস্তুটি দেখে তিনি দ্রুত পুলিশকে খবর দিলে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে নিরাপত্তার স্বার্থে পানিভর্তি বালতিতে সংরক্ষণ করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



