টাঙ্গাইল সদর উপজেলায় সড়কের পাশ থেকে মাসুদ মিয়া (৪৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা তাকে পিটিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রোববার (৫ জুলাই) সকালে উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মাসুদ ওই গ্রামের লাল মাহমুদের ছেলে। কুইজবাড়ী বাজারে তার একটি মুদি দোকান ছিল।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) ফরহাদ আলী বলেন, সকালে কুইজবাড়ী বাজারের কাছেই সড়কের পাশে স্থানীয়রা মাসুদের লাশ পড়ে থাকতে দেখে আমাকে খবর দেয়। সাথে সাথে ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে লাশ নিয়ে যায়। এটি নিঃসন্দেহে হত্যাকাণ্ড। কারণ নিহতের এক কান কাটা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।



