সিরাজগঞ্জের এনায়েতপুরে কালোবাজারে বিক্রির উদ্দেশে পাচারের সময় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১৮ বস্তা চাল জব্দ করেছে পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে জালালপুর ইউনিয়নের সৌয়দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় ১৮বস্তা চালসহ একটি মিশুক ও অটোভ্যানচালকদের থানা হেফাজতে নেয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাতে মিশুক ও অটোভ্যান গাড়িতে টিসিবির বস্তায় চালগুলো পরিবহন করে নেয়া হচ্ছিল। স্থানীয়রা সন্দেহজনকভাবে তাদের আটক করে।
পরে মিশুক ও অটোভ্যানচালকরা স্বীকার করে বলেন, সৌয়দপুর থেকে টিসিবির ১৮ বস্তা চাল বিক্রির উদ্দেশে নেয়া হচ্ছে। যা বেলকুচি উপজেলার চান ডিলারের বাড়িতে পৌঁছে দিতে রওনা হয়েছি। ভাড়ায় চলি, এর দায় আমরা নিতে পারবো না।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘টিসিবির জব্দকৃত ১৮ বস্তা চাল থানায় নেয়া হয়েছে। পরিবহনে যুক্ত দুইজন থানা হেফাজতে আছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, দ্রুত পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।’



