সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেয়ায় মাদারীপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধানের ছবিতে জুতা নিক্ষেপ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে শিবচর পৌর শহরের লালন মঞ্চে এ কর্মসূচি পালন করে যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা। পরে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের আক্রমণাত্মক বক্তব্য কোনোভাবেই কাম্য নয়। এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
সেই সাথে অবিলম্বে রাশেদ প্রধানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। যতক্ষণ পর্যন্ত রাশেদ প্রধান প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইবেন না, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন যুবদল, ছাত্রদল ও শ্রমিকদেলর নেতারা।
কর্মসূচি শেষে নেতারা জানান, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়া হলে ভবিষ্যতে আরো কর্মসূচি দেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি জিন্নাত ওয়ালীদ খান, শিবচর পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি মিঠু কাজী, সাবেক সাধারণ সম্পাদক জামাল শিকদার, শিবচর সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্রদল মনোনীত সাবেক ভিপি এনামুল হক, শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম খোকাসহ অনেকেই উপস্থিত ছিলেন।



