বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব বিজনেসের উদ্যোগে পিএইচডি গবেষণা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের আইসিটি সেমিনার রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে পিএইচডি গবেষকরা তাদের চলমান গবেষণার বিষয়বস্তু, তাত্ত্বিক কাঠামো, গবেষণা পদ্ধতি ও প্রস্তাবিত বিশ্লেষণধারা উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে বাউবির প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, উচ্চশিক্ষা ও গবেষণায় পিএইচডি কার্যক্রম বাউবির গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ। মানসম্মত গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি এবং গবেষণালব্ধ ফলাফল জাতীয় উন্নয়নে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সাথে বাস্তবভিত্তিক গবেষণা ও গবেষণার গুণগত মান নিশ্চিতের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
পিএইচডি সেমিনার কমিটির আহ্বায়ক ও স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ড. মো: মঈনুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিষয়-বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ড. এম একরামুল হক, প্রফেসর ড. মোহাম্মদ নজরুল ইসলাম ও বাউবির অধ্যাপক ড. শাহীন আহমেদ।
গবেষক মো: নুরুল ইসলাম খান ও মো: সাইফুল আলম দুটি গবেষণাপত্র উপস্থাপন করেন। পরে বিশেষজ্ঞ ও শিক্ষকরা গবেষণার বিভিন্ন দিক নিয়ে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সেমিনারে স্কুল অব বিজনেসের শিক্ষক ও গবেষক ফেলোরা উপস্থিত ছিলেন।



