রায়গঞ্জে ছাত্রদলের নেতাসহ ১৮ জনের জামায়াতে যোগদান

মুজাহিদ ধানগড়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। জামায়াতে যোগদানের বিষয়ে আমার জানা ছিল না, আপনার মাধ্যমে আমি জানতে পারলাম।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

Location :

Raiganj
জামায়াতের যোগদানকারীরা
জামায়াতের যোগদানকারীরা |নয়া দিগন্ত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়ন ছাত্রদলের এক নেতাসহ ১৮ জন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ১১ দলীয় ঐক্য জোটের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা নতুন দলে সম্পৃক্ত হন।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন ধানগড়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও জুলাই আন্দোলনের কর্মী ফারদিন হাসান মুজাহিদ। দীর্ঘদিন ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত থাকা ফারদিনের এ সিদ্ধান্ত স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে বক্তব্যে ফারদিন হাসান মুজাহিদ জানান, দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যাশা ও আদর্শিক অবস্থান বিবেচনায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। নতুন প্ল্যাটফর্মে থেকে সাধারণ মানুষের পাশে থাকার আশা ব্যক্ত করেন তিনি। তার সাথে যোগ দেয়া অন্যরাও একই প্রত্যাশার কথা জানান।

অনুষ্ঠানে নবাগতদের স্বাগত জানিয়ে স্থানীয় জামায়াত ও ১১ দলীয় ঐক্য জোটের নেতারা বলেন, তরুণদের সম্পৃক্ততা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করবে।

এ সময় উপস্থিত ছিলেন ধানগড়া ইউনিয়ন (দক্ষিণ শাখা) জামায়াতের সাবেক সভাপতি এস এম মমতাজ হোসেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা মো: মোক্তাদির হোসেন, ইউনিয়ন জামায়াত নেতা মো: হায়দার আলী, আব্দুস সবুর, মো: নুরুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মী।

স্থানীয় রাজনৈতিক পর্যেবক্ষকদের মতে, ইউনিয়ন পর্যায়ের এক ছাত্রদল নেতার দলবদল ধানগড়া ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করতে পারে। বিশেষ করে আসন্ন নির্বাচনকে সামনে রেখে এ পরিবর্তন স্থানীয় রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলার ছাত্রদলের সদস্য সচিব সাইফুল্লাহ ইবনে সাইদ সজল বলেন, মুজাহিদ ধানগড়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। জামায়াতে যোগদানের বিষয়ে আমার জানা ছিল না, আপনার মাধ্যমে আমি জানতে পারলাম।