নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওয়াসিকার মোল্লা (৪৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযুক্ত ওয়াসিকার মোল্লা বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার শাসন এলাকার মরহুম আব্দুল হালিম মোল্লার ছেলে।
ভুক্তভোগীর কিশোরীর দাদি জানান, ‘ছেলে ও নাতনিকে নিয়ে তাদের সংসার। ছেলের বউ সংসার ছেড়ে চলে যাওয়ার পর তাদের সংসারে বিপর্যয় নেমে আসে। তার ছেলেও সংসারে অমনোযোগী হয়ে পড়ে। আমি মানুষের বাড়িতে কাজ করে এ সংসার চালাই।’
তিনি জানান, ‘ওয়াসিকার মোল্লা দীর্ঘ ছয় বছর ধরে স্থানীয় মনসুর আলীর গরুর খামারে রাখালের কাজ করে। সে আমার নাতনিকে বাজার থেকে আসা-যাওয়ার পথে খাবার ও নগদ টাকার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল।’
স্থানীয়রা জানান, ‘রোববার সকালে ওয়াসিকার গরুর খামারে তার ঘরে নিয়ে কিশোরীকে ধর্ষণ করে। পরে কিশোরী বিষয়টি তার পরিবারকে জানালে খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে। বিকেলে স্থানীয়রা অভিযুক্তকে ধরে পিটুনি দিয়ে পুলিশে খবর দেয়।’
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ওয়াসিকার মোল্লাকে গ্রেফতার করে তালতলা তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক এইচ এম জসীম উদ্দিন বলেন, ‘ঘটনাটির খবর জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে এলাকাবাসী অভিযুক্তকে অবরুদ্ধ করে পুলিশকে খবর দেয়।’
তিনি জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’


