গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় হিরা বেগম (২৫) ও মুকুল মিয়া (৪০) নামের দুইজন নিহত হয়েছেন।
বুধবার (২৫ মার্চ) উপজেলার মাদারগঞ্জ সড়ক ও নলডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হিরা ওই উপজেলার দামোদরপুর ইউনিয়নের কিশামত দশলিয়া গ্রামের আব্দুল হামিদ মিয়ার স্ত্রী ও মুকুল মিয়া কামারপাড়া ইউনিয়নের খামার বাগচি গ্রামের মরহুম জহির উদ্দিনের ছেলে।
স্বজনরা জানায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে হিরা বেগম কামারপাড়া এলাকার এক বিয়ের অনুষ্ঠান থেকে অটোরিকশাযোগে বাড়িতে ফিরছিলেন। এরইমধ্যে কান্তনগরের রানুর মোড়ে পৌঁছালে একটি চলন্ত মোটরসাইকেলের সাথে সংঘর্ষে হয়। এতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই হিরার মৃত্যু হয়। অপরদিকে, বুধবার দুপুরের দিকে মুকুল মিয়া মোটরসাইকেলযোগে মাদারগঞ্জের দিকে যাচ্ছিলেন। এসময় একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন কামারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এআরএম মাহফুজার রহমান। তিনি বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা।’
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিমের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।



