পাবনা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে ঈশ্বরদী চ্যাম্পিয়ান
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
পাবনা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে পাবনা সদর উপজেলা একাদশকে ৩-১ গোলে পরাজিত করে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে ঈশ্বরদী উপজেলা একাদশ।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে পাবনা শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের এমপি অধ্যাপক আবু তালেব মণ্ডল, পাবনা-২ আসনের এমপি অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব ও সংরক্ষিত মহিলা আসনের এমপি আরিফা সুলতানা রুমা।
এছাড়াও পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবসহ জেলার বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে জেলার নয়টি উপজেলা ও পাবনা পৌরসভা দলসহ মোট ১০টি দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে ফাইনালে ওঠে পাবনা সদর উপজেলা একাদশ ও ঈশ্বরদী উপজেলা একাদশ।
নির্ধারিত সময়ের রোমাঞ্চকর খেলায় ঈশ্বরদী উপজেলা একাদশ দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে পাবনা সদর উপজেলা একাদশকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এর মাধ্যমে দলটি টুর্নামেন্টের শিরোপা পুনরুদ্ধার করে দ্বিতীয়বারের মতো জেলা প্রশাসক গোল্ডকাপ নিজেদের ঘরে তুলল।
খেলা শেষে অতিথিগণ বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি, মেডেল ও পুরস্কার বিতরণ করেন।



