জিয়াউর রহমান এদেশের উন্নয়নের রূপকার : পরিবেশমন্ত্রী

‘জিয়াউর রহমানকে নির্মমভাবে শহীদ করার পর বেগম খালেদা জিয়া দেশের উন্নয়নের হাল ধরেছেন। তার ইন্তেকালের পর জনগণ আবার বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন।’

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
বক্তব্য রাখছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু
বক্তব্য রাখছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু |নয়া দিগন্ত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের উন্নয়নের রূপকার। দেশের জন্য তার অবদান বলে শেষ করা যাবে না।’

তিনি ছিলেন, ‘জিয়াউর রহমান গণতন্ত্রহীন সমাজে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অনন্য অবদান রেখেছেন। তিনি কেবল স্বাধীনতা ঘোষণাই করেননি, নিজে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন এবং এ দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়েছেন।’

রোববার (৩১ মে) বিকেলে ফেনীর সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পরিবেশমন্ত্রী ছিলেন, ‘জিয়াউর রহমানকে নির্মমভাবে শহীদ করার পর বেগম খালেদা জিয়া দেশের উন্নয়নের হাল ধরেছেন। তার ইন্তেকালের পর জনগণ আবার বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা-মায়ের মতোই দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছেন।’

দলীয় নেতাকর্মীদের দেশের উন্নয়ন, অগ্রগতির স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের সর্ববৃহৎ দল হিসেবে বিএনপিতে প্রতিযোগিতা থাকবে। কিন্তু তা যেন শত্রুতায় রূপ না নেয়।’

তিনি আরো বলেন, ‘এলাকার যেসব সমস্যা রয়েছে, আমি এ নিয়ে কাজ করছি। পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে সমস্যাসমূহের সমাধান করা হবে।’

মাদক ও কিশোর গ্যাং প্রসঙ্গে আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘এ সমস্যা এখন সারাদেশের। বিগত সরকার সবদিক থেকে সমাজকে কলুষিত করে গেছে। এজন্য মা-বাবার পাশাপাশি শিক্ষক ও সমাজের নেতৃস্থানীয়দের ভূমিকা রাখতে হবে।’

তিনি বলেন, ‘সরকার তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করতে নতুন কুঁড়ি স্পোর্টস চালু করেছে। এর মাধ্যমে শিশু-কিশোরদের মনস্তাত্ত্বিক ও শারীরিক বিকাশ হবে।’

সোনাগাজী পৌর মিলনায়তনে উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ আলম ভূঞার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন, জেলা নারী দলের সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, জেলা ছাত্রদল সভাপতি সালাহ উদ্দিন মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ বি এস মারুফ প্রমুখ।

শেষে মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সভাপতি শাহজালাল খুরশিদ। পরে দুস্থ ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

উল্লেখ্য, পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ঈদুল আজহার দিন থেকে চার দিন নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে জেলা ও উপজেলা বিএনপি আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন।