নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন আওয়ামী লীগের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি থানা এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালায় পুলিশ। অভিযানে সদর উপজেলা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছয়জন, হাতিয়া থেকে একজন, কোম্পানীগঞ্জ থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। এছাড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আরা দুইজনকে গ্রেফতার করে।
এসপি এন এম নাসিরুদ্দিন বলেন, ‘গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে। জননিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলার চেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।’



