সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইভটিজিংয়ে বাধা দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শাহ আলম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গত বৃহস্পতিবার রাতে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের কাশিনাথপুর ও রশিদপুর গ্রামের দুই পক্ষের সংঘর্ষ হয়।
নিহত শাহ আলম রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিনাথপুর গ্রামের কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে রশিদপুর উত্তরপাড়া এলাকায় গিয়ে নিয়মিত আড্ডা দিতেন এবং সেখানে মেয়েদের উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে রশিদপুর গ্রামের লোকজন তাদের একাধিকবার নিষেধ করেন। এরই জেরে বৃহস্পতিবার রাতে রশিদপুর গ্রামের লোকজনের ওপর অতর্কিত হামলা চালান কাশিনাথপুরের বখাটে যুবকরা।
হামলার পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রশিদপুর উত্তরপাড়া গ্রামের কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে শাহ আলমের অবস্থার অবনতি হয়। পরে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টহল জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়টি আমরা জেনেছি। এখনো কোনো পক্ষ মামলা করেনি।’



