সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মান্নারগাঁও–সুনামগঞ্জ সড়কের প্রায় ১৫ কিলোমিটার জুড়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য মৃত গাছ জনচলাচলে ঝুঁকি তৈরি করছে। শিশু, মেহগনি ও রেইনট্রি প্রজাতির শুকিয়ে যাওয়া গাছগুলো দীর্ঘদিন ধরে অপসারণ না করায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে মৃত গাছের ডালপালা ভেঙে পড়ছে। কখনো কখনো সেগুলো সড়কে পড়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি প্রশাসনকে একাধিকবার জানানো হলেও এখনো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি।
এই সড়ক ব্যবহার করে প্রতিদিন উপজেলার পাণ্ডারগাঁও, দোয়ারাবাজার সদর, বাংলাবাজার, বোগলা, নরসিংপুরসহ নয়টি ইউনিয়নের মানুষ জেলা শহর সুনামগঞ্জে যাতায়াত করেন। মান্নারগাঁও ইউনিয়নের বাসিন্দারাও উপজেলা পরিষদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরে যাওয়ার জন্য এই সড়কের ওপর নির্ভরশীল।
স্থানীয় বাসিন্দা জুবায়ের আহমদ বলেন, ‘ঝড়-বৃষ্টির সময় প্রায়ই গাছের ডাল ভেঙে সড়কে পড়ে। বড় গাছ ভেঙে পড়লে প্রাণহানির আশঙ্কা রয়েছে।’
তিনি দ্রুত মৃত গাছগুলো অপসারণের দাবি জানান।
নিয়মিত যাতায়াতকারী আব্দুল মোতালিব বলেন, ‘প্রশাসনিক কাজে প্রায়ই জেলা শহরে যেতে হয়। ঝুঁকিপূর্ণ গাছের নিচ দিয়ে চলাচল করতে হয়। সব সময় শঙ্কা থাকে কখন কী ঘটে।’
স্থানীয়দের মতে, দরপত্রের মাধ্যমে মৃত গাছগুলো বিক্রি করে দ্রুত অপসারণ করা হলে দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং সড়ক নিরাপদ হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখে বন বিভাগের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’



