খাগড়াছড়িতে গুলিবিদ্ধ ইউপিডিএফ নেতা আটক

শুক্রবার সকাল ৭টার দিকে এলাকাটিতে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের সাথে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষ পালিয়ে যায়।

খাগড়াছড়ি প্রতিনিধি

Location :

Khagrachari
আটক ‍গুলিবিদ্ধ ইউপিডিএফ নেতা ঝিমিত চাকমা
আটক ‍গুলিবিদ্ধ ইউপিডিএফ নেতা ঝিমিত চাকমা |নয়া দিগন্ত

খাগড়াছড়িতে প্রতিপক্ষের সাথে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ প্রসীত গ্রুপ) সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমাকে (৫০) গুলিবিদ্ধ অবস্থায় আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২৬ জুন) সকাল ৭টার দিকে গুইমারার দুর্গম হাফছড়ি ইউনিয়নের পাইনং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ঝিমিত চাকমাকে উদ্ধারের পর মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করায় আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুর্গম পাইনং পাড়া এলাকায় দীর্ঘদিন থেকে চাঁদাবাজি, অপহরণসহ নানা অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করছে ইউপিডিএফ প্রসিত গ্রুপ। শুক্রবার সকাল ৭টার দিকে এলাকাটিতে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের সাথে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষ পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা ঝিমিত চাকমাকে আটক করা হয়।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোহরাওয়ার্দী বলেন, ঝিমিত চাকমা ইউপিডিএফের প্রসীত গ্রুপের সংগঠক। তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চাঁদাবাজি, অপহরণ ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।

এদিকে, ইউপিডিএফের পক্ষ থেকে এক বিবৃতিতে ঝিমিত চাকমাকে সংগঠনটির গুইমারা উপজেলা সংগঠক হিসেবে দাবি করা হয়েছে। বিবৃতিতে সংগঠনটির জেলা সংগঠক অংগ্য মারমা তার মুক্তির দাবি জানিয়েছেন।