নীলফামারী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টায় ৩ শিশু আটক

তারা ভারত অভিমুখে যাওয়ার চেষ্টা করলে বিজিবির টহলদল তাদের নিজ হেফাজতে নেয়।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
আটক শিশুরা
আটক শিশুরা |নয়া দিগন্ত

নীলফামারীর ডোমার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পূর্বে তিন শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)।

সোমবার (২ মার্চ) রাত ১১টার দিকে আটক শিশুদের ডোমার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটককৃত শিশুরা হলো, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেড এলাকার ইসরাফিলের ছেলে ইরফান (১২), ঢাকা কোনাবাড়ি এলাকার আক্তারের ছেলে সাজ্জাদ (১৩) এবং সুনামগঞ্জ জেলার ছাতক থানার নতুন বাঁশতলা এলাকার আবুল কালামের ছেলে সাব্বির (১০)।

পুলিশ জানায়, ডোমার উপজেলার ডাঙ্গাপাড়া বিওপির সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোমবার রাত সাড়ে ৯টার দিকে শিশুদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তারা ভারত অভিমুখে যাওয়ার চেষ্টা করলে বিজিবির টহলদল তাদের নিজ হেফাজতে নেয়।

আটককৃত শিশুরা জানায়, তারা বাড়ি থেকে বের হয়ে ভারতে কাজ করতে যাওয়ার উদ্দেশে এখানে এসেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ জানান, আটক তিন শিশু তিন জেলার বাসিন্দা এবং তারা নিজেদের বন্ধু বলে পরিচয় দিয়েছে। বর্তমানে তারা ডোমার থানা পুলিশের হেফাজতে রয়েছে।

পরিবারের সাথে যোগাযোগ সাপেক্ষে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদের হস্তান্তর করা হবে।